ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

প্রকাশ :

সংশোধিত :

শিক্ষা, যৌথ গবেষণা এবং বিভিন্ন একাডেমিক বিষয়ে একসঙ্গে কাজ করতে সমঝোতা স্মারক সই করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণাগার ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা, আন্তর্জাতিক গবেষণা অনুদানের জন্য আবেদন এবং বিভিন্ন একাডেমিক সেমিনার আয়োজন করবে। পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, একাডেমিক সফর এবং যৌথ পিএইচডি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া আধুনিক প্রযুক্তি বিষয়ে জ্ঞান বিনিময়, শিল্পখাতের সঙ্গে অংশীদারত্ব এবং জননীতি বিষয়ে যৌথ গবেষণার ক্ষেত্রেও একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এসব উদ্যোগের মাধ্যমে সমাজমুখী জ্ঞান ও গবেষণা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চুক্তিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এবং আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ঝ্যাং ইউজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এর আগে গত বছরের অক্টোবরে চীন সফর করেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং অফিস অব কমিউনিকেশনের পরিচালক খায়রুল বাশার। সে সময় তারা আনহুই নরমাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বর্তমান সমঝোতা স্মারকটি সেই সফরেরই ফল বলে জানানো হয়।

অনুষ্ঠানে আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে ঢাকায় চীনা দূতাবাসের সহায়তায় ব্র্যাক ইউনিভার্সিটিতে একটি ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার আগ্রহও প্রকাশ করেন তারা।

অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির নিজস্ব কিছু শক্তির জায়গা রয়েছে। এই সহযোগিতার মাধ্যমে আমরা সেই সক্ষমতাগুলো আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারব বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “যৌথভাবে কাজের মাধ্যমে আমরা সমাজের জন্য আরও কার্যকর অবদান রাখতে চাই। পাশাপাশি গ্লোবাল সাউথের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাতেও এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, অফিস অব কমিউনিকেশনের পরিচালক খায়রুল বাশারসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। 

সর্বশেষ খবর