৪৮তম বিসিসএস: একসঙ্গে যোগ দিলেন ৩,২৬৩ চিকিৎসক

প্রকাশ :
সংশোধিত :

দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের শক্তি সঞ্চার হলো। দীর্ঘদিনের জনবল সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক আজ রবিবার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগদান করেছেন।
রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত চিকিৎসকরা তাদের দায়িত্ব গ্রহণ করেন।
আজ যোগদান করা ৩ হাজার ২৬৩ জন চিকিৎসকের মধ্যে রয়েছেন সহকারী সার্জন ২ হাজার ৯৮৪ জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, “স্বল্প সময়ের মধ্যে এত বড় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলেই পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ যোগদানের মাধ্যমে এই কার্যক্রম শেষ হলো।”
নবনিযুক্ত চিকিৎসকদের পদায়নের ক্ষেত্রে মন্ত্রণালয় এবার বিশেষ নীতি গ্রহণ করেছে। এ বিষয়ে ডা. সায়েদুর রহমান জানান, পদায়ন হবে সম্পূর্ণ মেধাভিত্তিক, তবে সেখানে মানবিক উপাদানও যুক্ত থাকবে। যেসব চিকিৎসক দম্পতির স্বামী বা স্ত্রী সরকারি চাকরিতে কর্মরত, তাদের একই এলাকায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের দুরারোগ্য কোনো ব্যাধি রয়েছে, তাদের ক্ষেত্রেও বিশেষ বিবেচনা করা হবে।
তিনি বলেন, “যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে, তাই ন্যায্যতার ভিত্তিতেই তাদের পদায়ন করা হবে।”
সরকার আশা করছে, এই বিপুল সংখ্যক নতুন চিকিৎসকের সংযুক্তির ফলে বিশেষ করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিয়োগ কার্যকর হলে গ্রামীণ জনপদে চিকিৎসাসেবার মান ও সাধারণ মানুষের সেবা পাওয়ার সুযোগ—উভয়ই বাড়বে।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর নবনিযুক্তদের অভিনন্দন জানান। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম যোগদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজ নেন।


For all latest news, follow The Financial Express Google News channel.