২০২৭ সাল থেকে নতুন সময়ে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

প্রকাশ :

সংশোধিত :

শিক্ষার্থীদের সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৭ জানুয়ারি, আর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ সময়সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে। পরীক্ষার চূড়ান্ত রুটিন শিগগিরই প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, ফল প্রকাশ ও ভর্তির প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, যা সেশনজট তৈরি করছে।

তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী নির্ধারিত বয়সের চেয়ে দেরিতে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করছে। এই ব্যবধান কমাতে সরকার কাজ করছে এবং ডিসেম্বরকে পরীক্ষার প্রধান সময় হিসেবে নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যাতে জানুয়ারি থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায়।

বিদেশে উচ্চশিক্ষার সুবিধা বিবেচনায় এইচএসসি পরীক্ষা জুন-জুলাইয়ের মধ্যেই শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ফল প্রকাশের দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে সমন্বয় করার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।

কোচিং সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নত করা গেলে এবং অভ্যন্তরীণ শিক্ষাব্যবস্থা শক্তিশালী হলে কোচিংয়ের প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর