২০২৬ সালে যেসব চাকরি বাজারে 'শীর্ষে' থাকবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রকাশ :

সংশোধিত :

বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে আলোচনা শুরু হলেই সাধারণত যে প্রশ্নটি উঠে তা হল “বেতন কত দিবে?”

এই প্রশ্নটি এখনও গুরুত্বপূর্ণ, তবে ২০২৬ সালে এটি আর যথেষ্ট নয়। এখন শুধু বেতন নয়, বরং কোন কাজগুলো ছাড়া অর্থনীতি, প্রতিষ্ঠান ও সেবা ব্যবস্থা অচল হয়ে পড়বে, সেটাই হয়ে উঠছে মূল বিবেচ্য বিষয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রিমোট জব ও ডিজিটাল অর্থনীতির বিস্তারের ফলে বাংলাদেশের চাকরির বাজার নীরবে বদলে যাচ্ছে। কিছু পেশার গুরুত্ব বাড়ছে দ্রুত, আবার কিছু পেশা ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। ২০২৬ সালে যেসব চাকরি সবচেয়ে বেশি মূল্য পাবে, সেগুলো শুধু ভালো বেতনের জন্য নয়, বরং ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে তার উপরও নির্ভর করছে।

এআই ইঞ্জিনিয়ার ও মেশিন লার্নিং স্পেশালিস্ট

এক সময় বাংলাদেশে এআই ইঞ্জিনিয়ার বলতে গবেষণাগার বা বিদেশি টেক জায়ান্টের কথাই বোঝানো হতো। কিন্তু ২০২৬ সালের বাস্তবতায় এই পেশা ঢুকে পড়েছে ব্যাংক, ফিনটেক, ই-কমার্স, লজিস্টিকস ও স্বাস্থ্যখাতেও।

এআই ইঞ্জিনিয়াররা এমন সিস্টেম তৈরি করেন, যা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে যেমন ফ্রড শনাক্ত করা, চাহিদার পূর্বাভাস দেয়া, ডেলিভারি অপ্টিমাইজ করা কিংবা মেডিকেল ডাটা বিশ্লেষণ করা। বাংলাদেশে এই দক্ষতা এখনও বিরল। আর যেখানে দক্ষতার ঘাটতি, সেখানেই তার মূল্য সবচেয়ে বেশি।

ডাটা সায়েন্টিস্ট ও অ্যানালিটিক্স লিড

এআই যদি ইঞ্জিন হয়, তবে ডাটা সায়েন্টিস্টরা ঠিক করে দেন যে ইঞ্জিন কোন দিকে যাবে। ২০২৬ সালে বাংলাদেশের ব্যবসা ও প্রতিষ্ঠানগুলো আরও বেশি ডাটাভিত্তিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। গ্রাহকের আচরণ বিশ্লেষণ, ঋণঝুঁকি নির্ধারণ, সাপ্লাই চেইন পরিকল্পনা ও এমনকি নীতিনির্ধারণ ঠিক করতেও।

ডাটা সায়েন্টিস্টরা অর্থহীন বিশাল পরিমাণের তথ্যকে অর্থবহ সংক্ষিপ্ত বিশ্লেষণে রূপ দেন। তারা একদিকে সংখ্যার ভাষা বোঝেন, অন্যদিকে বুঝেন ব্যবস্থাপনার ভাষা। এই দুইয়ের সংমিশ্রণই তাদের মূল্যবান করে তোলে।

ক্লাউড ইঞ্জিনিয়ার ও ডেভঅপস স্পেশালিস্ট

বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বর্তমানে নিজস্ব সার্ভার ছেড়ে ক্লাউড প্ল্যাটফর্মে যাচ্ছে, তাই ক্লাউড ইঞ্জিনিয়ার ও ডেভঅপস স্পেশালিস্টদের গুরুত্ব দ্রুত বাড়ছে তা বলাই বাহুল্য।

ডেভঅপস স্পেশালিষ্টরা নিশ্চিত করেন সিস্টেম যেন নিরাপদ থাকে এবং সর্বদা সচল থাকে। ডিজিটাল সেবার যুগে একটি ছোট ডাউনটাইমও বড় ক্ষতির কারণ হতে পারে।

একটি ছোট ভুলের কারণে ব্যাংকিং অ্যাপ বন্ধ হয়ে যেতে পারে বা ই-কমার্সে হাজার হাজার অর্ডার আটকে যেতে পারে। তাই মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা বড় বড় ব্যাংকগুলোয় দক্ষ স্পেশালিস্টদের চাহিদাও অনেক।

সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট

ডিজিটালাইজেশনের একটি সমস্যা হল কোনো প্ল্যাটফর্ম যত বেশি ডিজিটালাইজ করা হয়, তার ঝুঁকিও তত বাড়তে থাকে। মোবাইল ফাইন্যান্স অ্যাপ, অনলাইন সরকারি সেবা, ডিজিটাল স্বাস্থ্যসেবা সবখানেই ডাটা নিরাপত্তা এখন বড় প্রশ্ন। কারণ, এক মুহূর্তের ভুলের কারণে লাখো ক্লায়েন্টের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। 

তাদের কাজ আমাদের চোখে পড়ে না বটে, কিন্তু একটি ভুল পুরো সিস্টেমকে বিপর্যস্ত করতে পারে। তাই বর্তমানে এই চাকরির চাহিদা আরও বাড়বে। সাইবার সিকিউরিটি স্পেশালিস্টরা ২০২৬ সালে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান পেশাজীবীদের তালিকায় থাকবেন।

ফুল-স্ট্যাক সফটওয়্যার ডেভেলপার

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নীরব কিন্তু দামী পেশাগুলোর একটি হলো রিমোট ফুল-স্ট্যাক সফটওয়্যার ডেভেলপার। এই ডেভেলপাররা সম্পূর্ণ সফটওয়্যার সিস্টেম তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে পারেন, ফ্রন্টএন্ড থেকে ব্যাকএন্ড পর্যন্ত। 

সবচেয়ে বড় বিষয় হল, তারা স্থানীয় বাজারে নয়, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করেন। অনেকেই বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে ফাইভার বা আপওয়ার্কে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছেন।

২০২৬ সালে রিমোট কাজ আরও স্বাভাবিক হয়ে উঠবে, আর এই পেশার পেশাজীবীরা দেশ ছেড়ে না গিয়েই বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স হিসেবে এনে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন।

ফিনটেক প্রোডাক্ট ম্যানেজার

বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম যত বড় হচ্ছে, ফিনটেক বা ফাইন্যান্সিয়াল টেকনোলজিরর প্রোডাক্ট ম্যানেজারদের গুরুত্ব তত বাড়ছে।

এই পেশার পেশাজীবীরা প্রযুক্তি, ব্যবসা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। একটি ডিজিটাল ওয়ালেট কীভাবে কাজ করবে, অ্যাপ কীভাবে ঝুঁকি সামলাবে এসব সিদ্ধান্ত তাদের হাতেই থাকে। প্রযুক্তি ও অর্থনীতি যেখানে জাতীয় ভাবেই অগ্রাধিকার পায়, সেখানে এই পেশার ভূমিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিটিও ও ডিজিটাল লিড

২০২৬ সালে প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির অভাবে পিছিয়ে পড়বে না, পিছিয়ে পড়বে সঠিক সিদ্ধান্তের অভাবে। তাই সিটিও বা চিফ টেকনোলজি অফিসারদের গুরুত্ব বাড়তির দিকে থাকবে।

ডিজিটাল ট্রান্সফরমেশন ও প্রযুক্তি-বোঝা লিডারদের চাহিদা কাজেই দিন দিন বাড়ছে। তারাই ঠিক করেন যে কী কী অটোমেট হবে, কী হবে না, কোথায় ঝুঁকি নেয়া যাবে, কোথায় যাবে না। এই ধরনের নেতৃত্ব এখনও এদেশে বিরল, আর বিরল বলেই মূল্যবান।

২০২৬ সালে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান চাকরিগুলোর একটি মিল আছে। এগুলোতে প্রয়োজন বিশেষায়িত দক্ষতা, নিয়মিত শেখার মানসিকতা, উচ্চ দায়িত্ববোধ, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা।

এই চাকরিগুলোর অস্তিত্ব কয়েক বছর আগেও ছিল না, কিন্তু এইগুলোই ভবিষ্যৎকে চালাবে। আজ প্রশ্নটা আর শুধু মাত্র “বেতন কত দিবে?” এখানেই সীমাবদ্ধ নয়। বরং প্রশ্নটি হল “সবকিছু বদলে গেলেও কোন কাজগুলো টিকে থাকবে?”

samiulhaquesami366@gmail.com

সর্বশেষ খবর