তারল্য সংকটে ইসলামী ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তার আবেদন

প্রকাশ :

সংশোধিত :

চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান অস্থিরতার কারণে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আমানত উত্তোলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়ে আবেদন করেছে।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার আবেদন করা হয়। ঈদের ছুটির পর গত রোববার পর্যন্ত টানা পাঁচ কার্যদিবসে ব্যাংকটি থেকে জমার তুলনায় প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা বেশি উত্তোলন হয়েছে। কর্মকর্তাদের ধারণা, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কিছু গ্রাহক তাদের আমানত তুলে নিচ্ছেন।

সূত্র আরও জানায়, অতিরিক্ত উত্তোলনের কারণে ইসলামী ব্যাংক বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) সংরক্ষণে চাপের মুখে পড়েছে। এই সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তা চাওয়া হয়েছে।

ব্যাংকের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত হিসাবে এখনও পর্যাপ্ত অর্থ থাকলেও সিআরআর ঘাটতি পূরণ এবং ভবিষ্যৎ প্রস্তুতির অংশ হিসেবে এই তহবিল চাওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ব্যাংকের চলতি হিসাবে আগে যেখানে ৭ হাজার ১৫ কোটি টাকার বেশি ছিল, তা বর্তমানে কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে।

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর ২০২২ সাল থেকে ইসলামী ব্যাংক নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর একটি পক্ষ ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু করে। ১ জুন থেকে চলমান এ আন্দোলনে তার নিয়োগ বাতিলের দাবি জানানো হচ্ছে।

আন্দোলনকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালনের সময় খুরশীদ আলম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে তাকে পদত্যাগ করতে হয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে ছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয় এবং সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উভয়েই পদত্যাগ করেন।

সর্বশেষ খবর