সামাজিক মাধ্যমের কনটেন্ট আয়ে কর অব্যাহতি দিল সরকার

প্রকাশ :

সংশোধিত :

সরকার ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি থেকে অর্জিত আয়ের ওপর কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এতদিন এ ধরনের আয়ের ওপর প্রচলিত নিয়মে কর দিতে হতো, তবে এখন আয়কর আইনের ষষ্ঠ তফসিলে পরিবর্তন এনে সেই কর তুলে দেওয়া হয়েছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, তরুণ, নারী, প্রতিবন্ধী এবং উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষভাবে সহায়তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কর অব্যাহতির প্রস্তাব দেন।

তিনি জানান, বর্তমানে শুধু আইটি ও ফ্রিল্যান্সিং খাতের আয়ে কর ছাড় রয়েছে। এখন এই সুবিধা সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে, যাতে ফ্রিল্যান্সাররা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আয় দেশে আনতে উৎসাহিত হন।

অর্থমন্ত্রী আরও বলেন, সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয়কে করমুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে, যাতে তরুণদের উদ্ভাবনী কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উদ্যোগ আরও উৎসাহ পায়। একইসঙ্গে স্টার্টআপ ও উদ্ভাবনী ব্যবসার টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ক্ষেত্রে ৫০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ক্ষেত্রে এই সীমা ৭০ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে উৎপাদনমুখী শিল্প, পর্যটন ও ক্রীড়া খাতে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে যন্ত্রপাতি ও স্থাপনায় কর সুবিধাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ হারে ত্বরান্বিত অবচয় সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

 

সর্বশেষ খবর