রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বগতি, বাজার থেকে ফের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
প্রকাশ :
সংশোধিত :
চলতি সপ্তাহে দ্বিতীয় দিনের মতো বাজার থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। একই দর ১২২ টাকা ৭৫ পয়সায় এবার দুইটি আলাদা ব্যাংক থেকে ২ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়। এর আগের দিন একই দরে আরেকটি ব্যাংক থেকে সাড়ে ৪ কোটি ডলার কেনা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, চলতি মাসে এখন পর্যন্ত বাজার থেকে মোট সাড়ে ১৪ কোটি ডলার সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। মে মাসের প্রথম ১১ দিনে প্রবাসীরা ১৪৪ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি।
গত বছর একই সময়ে রেমিটেন্স এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার, আর পুরো মে মাসে এসেছিল ২৯৬ কোটি ৯৫ লাখ ডলার।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৮ বা ২৯ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ সময় পর্যন্ত রেমিটেন্স প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে মাসের ১১ দিনে প্রবাসীরা মোট ৩০.৭৭ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।
গত অর্থবছরে পুরো সময়ে রেমিটেন্স ছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা ইতোমধ্যে চলতি অর্থবছরে ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিটেন্স বাড়ায় অনেক ব্যাংকে বৈদেশিক মুদ্রার স্থিতি নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে, অন্যদিকে আমদানি চাপ তুলনামূলক কম থাকায় ডলারের চাহিদাও কম। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বাজার থেকে ডলার কিনছে।
এই উদ্যোগের মাধ্যমে একদিকে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা হচ্ছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ পর্যন্ত চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মোট ৫৮১ কোটি ৮৫ লাখ ডলার বাজার থেকে কিনেছে।


For all latest news, follow The Financial Express Google News channel.