সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

প্রকাশ :
সংশোধিত :

গত আগস্ট মাসের মতো চলতি সেপ্টেম্বর মাসেও রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। মাসের প্রথম ১৪ দিনে দেশে বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে ১১৬ কোটি ৭২ লাখ (১ দশমিক ১৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ১৪ হাজার ৬ কোটি টাকার বেশি। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ২ সপ্তাহে দেশে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৭৩ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার এসেছে।
যেখানে গতমাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার (২ দশমিক ২২ বিলিয়ন) বা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। ধারণা করা হচ্ছে গত মাসের চেয়েও এ মাসে বাড়তে পারে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পরিমাণ।
এর আগে গত জুলাই মাসে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে যা ছিলো আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
এছাড়া গত ২০২৩-২৪ অর্থবছরে দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে আসে। দেশীয় মুদ্রার যার পরিমাণ দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। বিদেশি আয়ের এই পরিমাণ ছিলো এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ দুই হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।


For all latest news, follow The Financial Express Google News channel.