এনবিআর ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত

প্রকাশ :

সংশোধিত :

আমদানি বাণিজ্য সম্পর্কিত তথ্য সহজলভ্য, উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার সাধারণ জনগণের জন্য এইচএস কোডভিত্তিক পণ্য আমদানি তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এনবিআর আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, ব্যবসায়ী, বাণিজ্য গবেষক ও সাংবাদিকদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানির তথ্য নিয়মিতভাবে ওয়েবসাইটে সাধারণের জন্য প্রকাশ করার ব্যবস্থা করা হয়েছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে এনবিআরের ওয়েবসাইটের (www.nbr.gov.bd) পোর্টালের কাস্টমস লিংকে ২০২৫ সালের ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত তথ্যে এইচএস কোড অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এনবিআর জানিয়েছে, নিয়মিত তথ্য প্রকাশের ফলে সংশ্লিষ্টরা নির্ভরযোগ্য ডেটা ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্যের তুলনামূলক দাম ও ওঠানামা বুঝতে সুবিধা হবে, পাশাপাশি আমদানি প্রবণতা ও পণ্যের গতিবিধি বিশ্লেষণও সহজ হবে।

এছাড়া, বাণিজ্য কাঠামো ও আমদানি নির্ভরতা বোঝা, বন্ড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পের সহায়তা কার্যক্রম মূল্যায়নও সহজ হবে। এটি আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, কার্যকর নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর করবে।

বাণিজ্য সহজীকরণের উদ্যোগের ধারাবাহিকতায় বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ অব্যাহত থাকবে বলে এনবিআর জানিয়েছে। 

 

সর্বশেষ খবর