দৈনিক সুদহার জানাতে নতুন সূচক প্রকাশ কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশ :

সংশোধিত :

বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক খাতে চলমান সুদহারের একটি মানদণ্ড দিতে প্রথমবারের মতো ‘লেনদেনভিত্তিক রেফারেন্স রেট’ প্রকাশ করেছে। 

আজ বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত তথ্যে দেখা যায়, এক দিনের জন্য বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট (বিওএফআর) নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ এবং ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট (ডিওএমএমআর) ১০ দশমিক শূণ্য ৯ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগের দিনের আন্তঃব্যাংক লেনদেনের গড় সুদহার বিশ্লেষণ করে প্রতিদিন এই দুটি সূচক প্রকাশ করা হবে। বিওএফআর নির্ধারণে ৩২টি লেনদেনে ৩ হাজার ৪২৩ কোটি টাকার ঋণের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। একইভাবে এক সপ্তাহ মেয়াদে বিওএফআর দাঁড়িয়েছে ১০ দশমিক ৬২ শতাংশ, যা ২০টি লেনদেনে ১০ হাজার ৫৪ কোটি টাকার ঋণের গড় সুদহারের ভিত্তিতে নির্ধারিত।

অন্যদিকে, ৪৫টি লেনদেনে ২ হাজার ২৩৬ কোটি টাকার ঋণ তথ্য পর্যালোচনা করে এক দিনের ডিওএমএমআর নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক  শূণ্য ৯ শতাংশ। এক সপ্তাহের জন্য এই হার ১০ দশমিক ১৪ শতাংশ, এক মাসের জন্য ১০ দশমিক ৭৮ শতাংশ এবং তিন মাসের জন্য ১০ দশমিক ৪২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্য ও বিভিন্ন চুক্তিতে সুদহার নির্ধারণে এই রেফারেন্স রেট মূল্যসূচক হিসেবে কাজ করবে। আন্তর্জাতিকভাবে যেমন বাজারভিত্তিক সুদহার নির্ধারণে এসওএফআর ব্যবহার করা হয়, তেমনি বাংলাদেশেও এখন থেকে বিওএফআর ও ডিওএমএমআর ব্যবহৃত হবে।

বিওএফআর হবে ঝুঁকিমুক্ত হার, কারণ এটি ব্যাংকগুলোর মধ্যে জামানতের বিপরীতে দেওয়া স্বল্পমেয়াদি ঋণের সুদহার থেকে নির্ধারিত হবে। বিপরীতে, ডিওএমএমআর নির্ধারণ হবে জামানতবিহীন আন্তঃব্যাংক ঋণ লেনদেনের গড় সুদহারের ভিত্তিতে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই রেফারেন্স রেটের সঙ্গে যোগ বা বিয়োগ করে ঋণের সুদহার নির্ধারণ করা যাবে। তবে কেউ যদি অস্বাভাবিকভাবে কম বা বেশি সুদহার নির্ধারণ করে কিংবা বাজারে প্রভাব ফেলতে চায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, প্রতিদিন এই হার প্রকাশের ফলে দেশের আর্থিক বাজারে স্বচ্ছতা বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীরাও বাজার সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালুর পর এখন আনুষ্ঠানিকভাবে এই রেফারেন্স রেট প্রকাশ শুরু হলো।

সর্বশেষ খবর