চলতি করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪০ লাখেরও বেশি করদাতা

প্রকাশ :

সংশোধিত :

চলতি ২০২৫–২৬ করবর্ষে বুধবার পর্যন্ত ৪০ লাখেরও বেশি করদাতা অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। একই সঙ্গে ২০২৫ সালের ৪ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিশেষ আদেশে জানিয়েছে, এ বছর ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে থাকা বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআর সূত্র অনুযায়ী, চলতি করবর্ষে আগস্ট মাসে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন, ডিসেম্বরে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন, ২০২৬ সালের জানুয়ারিতে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ জন করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন। উল্লেখ্য, গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন।

জমা দেওয়া ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা রয়েছেন। বেতনভিত্তিক আয়ের ক্ষেত্রে ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ এবং ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী করদাতা আয় দেখিয়েছেন। বাড়িভাড়া থেকে আয়ের তথ্য দিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ ও ৮৪ হাজার ৪৭৭ জন নারী করদাতা।

করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন পুরুষ এবং ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন নারী। ৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ ও ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী। ১০ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ এবং ৪৭ হাজার ৫৩২ জন নারী। ২০ লাখ থেকে ৪০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫৪ হাজার ২১২ জন পুরুষ ও ১১ হাজার ৪৫৫ জন নারী। আর ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ এবং ৫ হাজার ১১৭ জন নারী করদাতা।

সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ ও ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।

এনবিআর জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক নয়। তবে তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ই-মেইল ঠিকানা ereturn@etaxnbr.gov.bd-এ পাঠিয়ে আবেদন করলে ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পেয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে পারেন। একইভাবে অনুমোদিত প্রতিনিধিরাও অনলাইনে ই-রিটার্ন জমা দিতে পারেন।

কোনো ধরনের কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি করে ডেবিট বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। এরপর সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ সংগ্রহ করা যাচ্ছে। রিটার্নে কোনো ভুল থাকলে ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে। ইতোমধ্যে ৫৬ হাজারের বেশি করদাতা সংশোধিত রিটার্ন জমা দিয়েছেন।

ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য এনবিআর পরিচালিত কল সেন্টার নম্বর ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১-এ যোগাযোগ করা যাবে। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশনের মাধ্যমে লিখিতভাবে সমস্যার সমাধান পাওয়া যায়। দেশের বিভিন্ন কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্পডেস্ক থেকেও অফিস সময়ের মধ্যে সেবা দেওয়া হচ্ছে। 

জরিমানা এড়াতে ব্যক্তি শ্রেণির করদাতাদের ইতোমধ্যে এসএমএস পাঠিয়েছে এনবিআর। ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে জমা দেওয়ার জন্য সকল করদাতাকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। 

সর্বশেষ খবর