চার বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক দিল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশ :

সংশোধিত :

আর্থিক অনিয়ম ও বিপুল খেলাপি ঋণের কারণে সমস্যায় থাকা বেসরকারি খাতের চারটি ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এটি প্রথম উদ্যোগ।

যেসব ব্যাংকে পর্যবেক্ষক দেওয়া হয়েছে সেগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

এই দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের চারজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কার্যক্রমের অংশ এবং অতীতেও বিভিন্ন সময়ে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের পর্ষদে সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এএনএম মঈনুল কবির, আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামান এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান দায়িত্ব পালন করবেন।

পর্যবেক্ষকরা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির সভায় উপস্থিত থাকতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী মতামত দিতে পারবেন। পাশাপাশি সভার আলোচ্য বিষয় ও গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন। এতে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

এর আগে ‘চব্বিশের আন্দোলন’-এর পর আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং কয়েকটি ব্যাংকে পর্যবেক্ষকও নিয়োগ করে।

সর্বশেষ খবর