প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করছে সরকার

প্রকাশ :

সংশোধিত :

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ এই মওকুফ সুবিধার আওতায় পড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি, বিশেষায়িত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছে পাওনা প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা সুদসহ মওকুফ করা হবে।

সরকারের এই সিদ্ধান্তে প্রত্যক্ষভাবে লাভবান হবেন দেশের প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি খাতের মেরুদণ্ড শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ঋণের কিস্তির টাকা কৃষকরা এখন উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার ওপর ঋণের বোঝা না থাকায় পরবর্তী মৌসুমে তারা নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে সক্ষম হবেন।

ঋণ মওকুফ হওয়ায় কৃষকদের ক্রেডিট রেকর্ড বা ঋণমান ভালো হবে। ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে ঋণ নিতে পারবেন এবং স্থানীয় মহাজনদের উচ্চ সুদের ফাঁদ থেকে রক্ষা পাবেন বলেও জানান তিনি। 

সংবাদ ব্রিফিংয়ে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়, এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে (১৯৯১-১৯৯৬) ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ-আসল মওকুফ করা হয়েছিল। সেই পদক্ষেপটিও সে সময় কৃষকদের কষ্ট লাঘব করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করেছিল।

সর্বশেষ খবর