কর-জিডিপি অনুপাত বাড়াতে রাজস্ব খাত আধুনিকায়নের আহ্বান এমসিসিআই সভাপতির

প্রকাশ :
সংশোধিত :

কর-জিডিপি অনুপাত বাড়াতে দ্রুত রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ দিয়েছেন এমসিসিআই সভাপতি কামরান টি রহমান।
রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে অনুষ্ঠিত আইসিএবি-এফই প্রাক-বাজেট গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
কামরান টি রহমান বলেন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, কর ফাঁকি কমানো এবং ব্যবসায়ী ও রাজস্ব কর্তৃপক্ষের মধ্যে আস্থা বাড়াতে ডিজিটাল হিসাব ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দেশে নিবন্ধিত করদাতা ও প্রকৃত করদাতার মধ্যে এখনও বড় ধরনের ব্যবধান রয়েছে, যা ন্যায্য ও টেকসই উপায়ে রাজস্ব আদায়ে সরকারের সক্ষমতাকে সীমিত করছে।
এ সমস্যা সমাধানে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে ব্যবসায়িক নিবন্ধন ও কর নথির সমন্বয়সহ জাতীয় তথ্যভান্ডারগুলোর মধ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
কামরান টি রহমান বলেন, সহজ কর দাখিল পদ্ধতি ও স্বল্প প্রতীকী করহার চালুর মাধ্যমে অনানুষ্ঠানিক অর্থনীতিকে আনুষ্ঠানিক ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছায় কর ব্যবস্থায় যুক্ত হতে উৎসাহিত হয়।
তিনি আরও বলেন, করদাতা ও কর কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ কমানো গেলে স্বচ্ছতা বাড়বে, হয়রানি কমবে এবং কর ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
এমসিসিআই সভাপতি আরও বলেন, নগদবিহীন ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে হবে, যা সঠিক নথিপত্র সংরক্ষণ, কর পরিপালন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করবে।
দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ প্রাক-বাজেট গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.