বাধ্যতামূলক না হলেও ই-রিটার্ন দাখিলে প্রবাসীদের ব্যাপক সাড়া

প্রকাশ :
সংশোধিত :

বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন এবং এদের মধ্যে ৩ হাজার ৩শ জন সফলভাবে ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, ২০২৫-২৬ করবর্ষের জন্য সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩১ লাখ ৮৮ হাজার জন করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিসহ নির্দিষ্ট কিছু ক্যাটাগরি ছাড়া বাকি সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছিল। তবে প্রবাসীদের জন্য এটি ঐচ্ছিক রাখা হলেও তাদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
প্রবাসীরা `ereturn@etaxnbr.gov.bd` ঠিকানায় পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ইমেইল ঠিকানা পাঠিয়ে আবেদন করলেই তাদের ইমেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এবং রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন প্রবাসী করদাতা সেবা গ্রহণ করছেন এবং বিদেশ থেকেই অনলাইনে আয়কর পরিশোধ করে রিটার্ন জমা দিচ্ছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইন ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন।
এনবিআর ব্যক্তি শ্রেণির সকল করদাতাকে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে `www.etaxnbr.gov.bd` ওয়েবসাইট ব্যবহার করে ই-রিটার্ন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এনবিআরের ডিজিটাল সেবা কার্যক্রমকে আরও উৎসাহিত করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.