৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা

আমানতকারীরা অর্থ ফেরত পাবেন

প্রকাশ :

সংশোধিত :

একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই ব্যাংকগুলোর সাধারণ শেয়ারহোল্ডাররা কোন প্রেক্ষাপটে শেয়ার কিনেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমানতকারীদের টাকা ফেরত ‘সিম্পল’, শেয়ারহোল্ডারদেরটা ‘জটিল’

পাঁচ ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়ায় সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, শেয়ারহোল্ডারদের বিষয়টি ‘কমপ্লিকেটেড’ বা জটিল।

তিনি বলেন, “বললেই তো হবে না, এত সহজে কিন্তু এসব জিনিসের ডিসিশন নেওয়া যায় না। আমরা যেটা বলছি ডিপোজিটররা টাকা পাবেন, এটা ভেরি সিমপল। যার টাকা জমা আছে, তিনি টাকা পাবেন। আর শেয়ারহোল্ডাররা শেয়ার কিনেছেন, কোন কনটেক্সটে কিনেছেন, মার্কেট প্রাইসে কিনেছেন, শেয়ারহোল্ডার ওয়ান্টেড টু বি ওনার। ওরা ভলান্টারি তো বোঝে।” 

সাংবাদিকরা প্রশ্ন করেন, শেয়ারহোল্ডাররা ৫ আগস্টের (২০২৪) আগের ‘মুনাফা দেখানো’ আর্থিক প্রতিবেদন দেখেই শেয়ার কিনেছিলেন। ওই প্রতিবেদন যারা অডিট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না?

জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “ব্যবস্থা তো নেওয়া হবে, সেটা দেখা হচ্ছে। যাই হোক এখন সব কথা বলা যাবে না।”

তিনি আরও বলেন, “সেটা তো আমরা দেখব। ওইটা তো এক্সামিন (পরীক্ষা-নিরীক্ষা) করছি, কোন কনটেক্সটে কিনেছে এবং দেখি কী করা যায়।” 

উল্লেখ্য, সম্প্রতি এই পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য করে একটি নতুন ব্যাংকে একীভূত করার প্রক্রিয়া চলছে, যা নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। 

সর্বশেষ খবর