২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন কমিশনের বরাদ্দ ৩ হাজার কোটি টাকা

প্রকাশ :
সংশোধিত :

২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বছরে এই বরাদ্দ ব্যয় করবে নির্বাচন কমিশন সচিবালয়।
আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ২ হাজার ৯৬৪ কোটি টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২ হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ২২৯ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই বরাদ্দ ছিল ১ হাজার ১৪১ কোটি ৮৫ লাখ ৮৮ হাজার টাকা।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য অর্থ উপদেষ্টা মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যা দেশের জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এ বাজেটে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.