আকুর আমদানি বিল বাবদ ১৫১ কোটি ডলার পরিশোধ বাংলাদেশের

প্রকাশ :

সংশোধিত :

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ ১৫১ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এই বিল পরিশোধের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা চাপ পড়বে। বুধবার পর্যন্ত গ্রস হিসাবে রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

তবে আকুর পাওনা পরিশোধের পর রিজার্ভ ঠিক কত দাঁড়িয়েছে, তা হিসাব সমন্বয়ের পর জানা যাবে।

এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আকুর বিল হিসেবে বাংলাদেশ ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার পরিশোধ করেছিল। এছাড়া ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর সময়ে ১৫৩ কোটি ডলার, সেপ্টেম্বর-অক্টোবর সময়ে ১৬১ কোটি ডলার, জুলাই-আগস্ট সময়ে ১৫০ কোটি ডলার এবং মে-জুন সময়ে রেকর্ড ২০২ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল।

১৯৭৪ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন গঠিত হয়। এর সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে।

বর্তমানে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ আকুর সদস্য ছিল। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে ২০২২ সালের অক্টোবরে শ্রীলঙ্কা এই জোট থেকে বেরিয়ে যায়।

আকুর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন প্রতি দুই মাস পর পর সমন্বয় করা হয়। বাংলাদেশ ব্যাংক সাধারণত প্রতি দুই মাসে গড়ে সোয়া এক বিলিয়ন ডলারের মতো দায় পরিশোধ করে থাকে।

সর্বশেষ খবর