আগামী ৩ ফেব্রুয়ারি বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

প্রকাশ :

সংশোধিত :

আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন শুরু হবে। এ তথ্য আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ শীর্ষক নতুন সিরিজের সকল নোট (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইতিমধ্যেই বাজারে প্রচলন করা হয়েছে।

এ পর্যায়ে ১০ টাকার নতুন নোট ৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য অফিস থেকে সরবরাহ করা হবে।

নোটটির ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য:

আকার: ১২৩ মি.মি. x ৬০ মি.মি.

সম্মুখভাগের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি, মাঝখানে পাতা ও কলিসসহ জাতীয় ফুল শাপলার ছবি।

পেছনে ‘গ্রাফিতি-২০২৪’ ছবি মুদ্রিত।

জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘১০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

গোলাপি রঙের আধিক্য।

২ মি.মি. চওড়া নিরাপত্তা সুতা, যা আলোর বিপরীতে ‘৳১০’ লেখা দেখাবে এবং নাড়ালে রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

গভর্নরের স্বাক্ষরের পাশে সি-থ্রু ইমেজ, আলোর বিপরীতে ‘১০’ দেখা যাবে।

সম্মুখভাগের উপরে ও পেছনের গ্রিডিশ প্যাটার্নে মাইক্রোপ্রিন্ট হিসেবে ‘বাংলাদেশ ব্যাংক' মুদ্রিত।

নতুন নোট ছাড়াও বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রা একইভাবে চালু থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা নোট (বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে। 

সর্বশেষ খবর