ইয়াবা বোঝাই বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, যুবক নিহত

প্রকাশ :
সংশোধিত :

কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে ইয়াবার বড় চালান নিয়ে পালানোর সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নুরুল হোসেন প্রকাশ মনু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে ছড়িয়ে পড়ে হাজার হাজার ইয়াবা। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় কিছু মানুষ ইয়াবার প্যাকেট লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হোসেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” লেখা একটি গাড়ি ধাওয়া করছিল। ধাওয়া খেয়ে মোটরসাইকেলটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী নতুন মোটরসাইকেলবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।
দুর্ঘটনার পর মহাসড়কের পাশের ঘাসের মধ্যে ইয়াবা ছড়িয়ে থাকতে দেখা যায়। মুহূর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ সময় স্থানীয় কিছু লোক ইয়াবার প্যাকেট কুড়িয়ে নিয়ে চলে যায় বলেও অভিযোগ রয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল এবং কক্সবাজারমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।


For all latest news, follow The Financial Express Google News channel.