প্রি-হজ কার্যক্রম শেষ, সৌদি আরবে গেল শেষ ফ্লাইট

প্রকাশ :
সংশোধিত :

পবিত্র হজকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০২৬ সালের প্রি-হজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সর্বশেষ ফ্লাইটে ২১৫ জন হজযাত্রী নিয়ে একটি বিমান জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৩৫ নম্বর ফ্লাইটটি যাত্রা করে, এর মধ্য দিয়েই চলতি বছরের প্রি-হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ এপ্রিল ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। পাশাপাশি সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিংসহ অন্যান্য সেবাও প্রদান করেছে সংস্থাটি।
হজযাত্রীদের সহায়তায় এসিআই লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করা হয়।
সফলভাবে হজ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষসহ অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটি জানায়, সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রম ও পেশাদারিত্বের মাধ্যমে এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে, যা জাতীয় পতাকাবাহী সংস্থার সক্ষমতার একটি দৃষ্টান্ত।


For all latest news, follow The Financial Express Google News channel.