কক্সবাজার সমুদ্রপাড়ে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ইকো রিসোর্ট

প্রকাশ :
সংশোধিত :

কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ইকো রিসোর্টের বেশ কয়েকটি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি অবস্থিত প্যাসিফিক বীচ লাউঞ্জ ইকো রিসোর্টে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
রিসোর্টটির স্বত্বাধিকারী জাবেদ ইকবাল জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার সময় এলাকায় বিদ্যুৎ সংযোগও ছিল না। অগ্নিকাণ্ডে রিসোর্টের তিনটি কটেজ ঘর ও একটি স্টোর রুম সম্পূর্ণ পুড়ে যায়। তবে রিসোর্টের রেস্টুরেন্ট অংশ অক্ষত রয়েছে।
তিনি আরও জানান, আগুনে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।


For all latest news, follow The Financial Express Google News channel.