ভোটের মাঠে ১৯৬৭ প্রার্থী, প্রতীক বরাদ্দ আজ

প্রকাশ :

সংশোধিত :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ছে সারাদেশে। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচন কমিশন (ইসি) আজ চূড়ান্ত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেবে। এরপরই পোস্টার আর মাইকিংয়ে মুখর হয়ে উঠবে দেশের প্রতিটি জনপদ।

ইসি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ২৯৮টি আসনে এবার ভোটের লড়াইয়ে টিকে রইলেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৫৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করলে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। ফলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছিল ২ হাজার ২৫৩ জনে।

তবে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন ৩০৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জন।

আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা-১২ আসনে এবার সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো কোনো আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী রয়েছেন। এবার কোনো আসনে একক প্রার্থী নেই, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না।

শেষ দিনে জোটগত সমীকরণ ও দলীয় সিদ্ধান্তের কারণে অনেকেই সরে দাঁড়িয়েছেন। ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারোয়ার হোসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া ১০ দলীয় জোট ও অন্যান্য জোটের শরিকদের মধ্যেও সমঝোতার ভিত্তিতে অনেকে মনোনয়নপত্র তুলে নিয়েছেন।

এদিকে ভোটের দিন ঠিক রেখে (১২ ফেব্রুয়ারি) পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে ২৯৮ আসনে আজ থেকেই নির্বাচনী আমেজ শুরু হচ্ছে। 

সর্বশেষ খবর