রংপুরে জোটের সমীকরণে রংপুরে ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রকাশ :

সংশোধিত :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের বিভিন্ন আসনে জোটগত সমঝোতার কারণে ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো এসব প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা রয়েছেন। এছাড়া বাসদ ও গণঅধিকার পরিষদের প্রার্থীরাও মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চারটি আসন থেকে মোট ৮ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন:

  • রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি আংশিক): মমিনুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস), আল মামুন (এনসিপি) এবং হানিফুর রহমান (গণঅধিকার পরিষদ)।
  • রংপুর-৩ (সদর ও সিটি): তৌহিদুর রহমান মন্ডল (খেলাফত মজলিস) এবং নুর আলম সিদ্দিক (বাংলাদেশ খেলাফত মজলিস)।
  • রংপুর-৫ (মিঠাপুকুর): আনোয়ার হুসাইন (বাংলাদেশ খেলাফত মজলিস) এবং মমিনুল ইসলাম (বাসদ)।
  • রংপুর-৬ (পীরগঞ্জ): মুহাম্মদ মাহবুবুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস)। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট এবং বিএনপির নেতৃত্বাধীন জোটের আসন ভাগাভাগি ও কৌশলগত সমঝোতার অংশ হিসেবেই শেষ দিনে এসব প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে রংপুরের আসনগুলোতে মূল প্রতিদ্বন্দ্বিতার চিত্র এখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠল। 

সর্বশেষ খবর