মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রকাশ :

সংশোধিত :

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএসআরএম (BSRM) কারখানায় স্লাগ বিস্ফোরণের ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত কারখানাটির স্টিল-২ সেকশনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত শ্রমিকরা হলেন— আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রমিক সূত্রে জানা যায়, বিকেলে স্টিল মিল-২ সেকশনে ময়লার স্লাগ বিস্ফোরিত হলে এই সাতজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক জানান, বিএসআরএম কারখানা থেকে ৭ জন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের চোখে-মুখে ময়লা ঢুকে যাওয়ায় এবং শ্বাসকষ্টজনিত (অ্যাজমা) সমস্যার কারণে আব্দুল হামিদ নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থ আছেন।

বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে ঘটনাটিকে ‘সামান্য আগুন’ বলে দাবি করেছেন সোনাপাহাড় বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, “কারখানা এলাকার দুই নম্বর গেটে একটি ময়লার স্লাগে সামান্য আগুন ধরেছিল। এখানে বিস্ফোরণ বা বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস টিম আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছিলেন, তারা চিকিৎসা নিয়েছেন।”

এদিকে বারইয়ারহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

সর্বশেষ খবর