কুমিল্লায় গার্ড অব অনারে চিরনিদ্রায় শায়িত র্যাব সদস্য মোতালেব

প্রকাশ :
সংশোধিত :

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে র্যাব-১১ এর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
নিহতের গ্রামের বাড়ি অলিপুর ভূঁইয়া পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন, কর্নেল নাজমুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এবং র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম প্রমুখ।
এর আগে চট্টগ্রাম থেকে মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।
মোতালেব হোসেন ১৯৯৩ সালে বিজিবিতে যোগদান করেন এবং গত দুই বছর আগে প্রেষণে র্যাবে যোগ দেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। বড় ছেলে সাকিব অনার্স প্রথম বর্ষের ছাত্র, মেয়ে শামীমা জান্নাত এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে মুনতাহা ৫ম শ্রেণিতে পড়ে।
জানাজা শেষে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, “দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে মোতালেবের এ মৃত্যু সত্যিই দুঃখজনক। দেশের জন্য এমন মৃত্যু অনুসরণীয় হয়ে থাকবে। আমরা সবসময় এ পরিবারের পাশে থাকব।”
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় হামলার শিকার হয়ে নিহত হন মোতালেব হোসেন। এ ঘটনায় র্যাবের আরও তিন সদস্য আহত হন।


For all latest news, follow The Financial Express Google News channel.