গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় ট্রাম্প: বললেন ‘পিছে ফেরার সুযোগ নেই’

প্রকাশ :
সংশোধিত :

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে পিছু হটার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বৈশ্বিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। এমনকি গ্রিনল্যান্ড পেতে ন্যাটোর ভাঙনের ঝুঁকি নিতেও তিনি প্রস্তুত কিনা—এমন প্রশ্নের জবাবে নিজের অনড় অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এবং পরবর্তীতে দাভোস সম্মেলনের প্রেক্ষাপটে ট্রাম্পের এসব মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য তিনি কত দূর যেতে ইচ্ছুক। জবাবে ট্রাম্প বলেন, “আপনারা জানতে পারবেন।”
তিনি আরও দাবি করেন, গ্রিনল্যান্ড নিয়ে সবকিছু বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট করেছেন যে, এই সিদ্ধান্ত থেকে পিছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই।
সংবাদ সম্মেলনে বিবিসির এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, গ্রিনল্যান্ডের জন্য তিনি ন্যাটো জোটের সম্ভাব্য ভাঙনের মূল্য দিতে রাজি আছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, “ন্যাটোর জন্য আমার চেয়ে বেশি কেউ করেনি, সব দিক দিয়ে।” তিনি দাবি করেন, ন্যাটোরও ভালো হবে এবং যুক্তরাষ্ট্রও ভালো থাকবে। তবে বিশ্ব নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন।
এ সময় ট্রাম্প ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতি (আর্টিকেল ৫) নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আমি জানি আমরা ন্যাটোর প্রয়োজনে এগিয়ে আসব, কিন্তু আমি সত্যিই প্রশ্ন করি যে, তারা আমাদের প্রয়োজনে কাছে আসবে কিনা।”
উল্লেখ্য, বর্তমানে ৩২টি সদস্য রাষ্ট্রের এই জোটে ডেনমার্কও রয়েছে। ডেনমার্ক বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে কোনো আলোচনায় যেতে বা ভূখণ্ডটি হাতছাড়া করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য সামরিক শক্তি ব্যবহার করা হবে কিনা—এনবিসি নিউজের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তিনি বলেন, “কোনো মন্তব্য করব না।” তবে বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি তিনি পুরোপুরি উড়িয়ে দেননি।
সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (দাভোস) এক সভায় যোগ দিতে বুধবার ট্রাম্পের পৌঁছানোর কথা রয়েছে। সেখানে গ্রিনল্যান্ড নিয়ে অনেক বৈঠক করার কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, দাভোস ফোরামে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, বিশ্ব ‘নিয়মবিহীন ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ছে’। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্তব্য করেছেন, ‘পুরাতন ব্যবস্থা আর ফিরে আসছে না।’ এছাড়া ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন আর্কটিকের নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপের পূর্ণ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা পোষণ করে আসছেন ট্রাম্প। এ নিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ প্রকাশ্যে বাড়ছে এবং অনেক ইউরোপীয় দেশের বিরুদ্ধে ফের শুল্ক চাপানোর হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: বিবিসি।


For all latest news, follow The Financial Express Google News channel.