২০৪০ সালের মধ্যে বিদ্যুতের ৩০% নবায়নযোগ্য উৎস থেকে আনার লক্ষ্য সরকারের


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে জানিয়েছেন, টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকার ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
আজ রোববার (৭ জুন) সংসদের প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা ১ হাজার ৭৮১ দশমিক ০৯ মেগাওয়াট।
তিনি আরও জানান, ‘নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫’ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই নীতির আওতায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ, ছাদের ওপর সৌরবিদ্যুৎ (রুফটপ) এবং ভাসমান সৌর প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশের পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের প্রসার ঘটাবে।
ইকবাল হাসান মাহমুদ জানান, নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর ফলে বেসরকারি উদ্যোক্তারা বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারবেন এবং উৎপাদিত বিদ্যুৎ সরকারি গ্রিড বা সরাসরি বড় গ্রাহকদের কাছে বিক্রির সুযোগ থাকবে।
তিনি আরও জানান, বর্তমানে দেশে ২৬টি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যেগুলোর মোট সক্ষমতা ১ হাজার ১৭২ মেগাওয়াট। এছাড়া ৬৬৫ মেগাওয়াট সক্ষমতার আরও ১৫টি প্রকল্পের দরপত্র প্রক্রিয়াধীন আছে, যা ২০২৯ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে সরকার ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য নিয়েছে, যা পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর অংশ।


For all latest news, follow The Financial Express Google News channel.